আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না বাংলাদেশ: ডেপুটি স্পিকার

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: আগামীর সময়
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।
আজ রবিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল বলেন, দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল।
তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউ ইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টস শিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্পের ক্ষতি হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, পোলিং এজেন্ট মাহমুদা আক্তার, মিনা আক্তার, কলি আক্তার, সালমান ও বায়োজিত তালুকদার। অনুষ্ঠানে ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন।




