সৈনিক থেকে বাহিনীপ্রধান, কার বেতন কত বাড়ল
- ১০ বছর পর নতুন কাঠামো

গ্রাফিকস: আগামীর সময়
সশস্ত্র বাহিনীর সাধারণ সৈনিকদের মূল বেতন বাড়ল প্রায় ১৩৮ শতাংশ। আগে সর্বনিম্ন মূল বেতন ছিল ৯ হাজার টাকা, নতুন কাঠামোয় তা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ পেরিয়ে একই পদে থেকেও একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন ঠিক করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর জারি করা হয় যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬। এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা গেছে, সর্বনিম্ন পর্যায়ের সদস্যদের বেতন বৃদ্ধির হার বাহিনীপ্রধানদের তুলনায় বেশি। সৈনিকদের মূল বেতন বেড়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। আর বাহিনীপ্রধানদের ক্ষেত্রে তা ১০০ শতাংশ।
এর আগে ২০১৬ সালে জারি করা যৌথবাহিনী নির্দেশাবলি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো। ১০ বছর পর নতুন নির্দেশনা জারি হলেও বজায় রাখা হয়েছে আগের কাঠামোর ধারাবাহিকতা।
তবে বাহিনীসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হলেও একটি মহল কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বিভাজন তৈরির চেষ্টা চলছে। অথচ নতুন কাঠামোয় সর্বনিম্ন পর্যায়ের সদস্যদের বেতন বৃদ্ধির হারই সবচেয়ে বেশি।
তাদের মতে, জনপ্রশাসনসহ বিভিন্ন খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।
বেতন বাড়ল বিভিন্ন পদে
নতুন নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন সাড়ে ২৩ হাজার টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের সাড়ে ৪৪ হাজার টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের সাড়ে ৪৫ হাজার টাকা করা হয়েছে।
মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন আগে ছিল সাড়ে ২২ হাজার টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে সাড়ে ৪৫ হাজার টাকা হয়েছে। বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনদের ৮৫ হাজার ৭৫০ টাকা করা হয়েছে।
বেতন বাস্তবায়নের ক্ষেত্রেও নিম্ন পর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতনের ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ করা হয়েছে।
চার নতুন ভাতা, বাড়ল পেনশনও
বেতন বাড়ানোর পাশাপাশি চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতাও বাড়ানো হয়েছে। যুক্ত করা হয়েছে চারটি নতুন ভাতা। তবে এসব ভাতা বৃদ্ধির হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন বাহিনীসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, নতুন কাঠামোয় সদস্যদের আর্থিক সুবিধা সন্তোষজনক হারে বাড়ানো হয়েছে।
অবসরপ্রাপ্ত সদস্যদের জন্যও রয়েছে নতুন সুবিধা। ন্যূনতম নিট পেনশন করা হয়েছে ১০ হাজার টাকা। বয়সভেদে চিকিৎসাভাতা করা হয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন।
পদোন্নতি না পেলে একই পদে দীর্ঘ অপেক্ষা
নতুন কাঠামোয় বেতন বাড়লেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু অসামঞ্জস্যতা রয়েই গেছে। বিশেষ করে হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, পদোন্নতি এবং শ্রেণিবৈষম্য নিয়ে তাদের আপত্তি রয়েছে।
বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পেলে পরবর্তী গ্রেডের পূর্ণ ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় বড় পরিবর্তন আসে।
অন্যদিকে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি নির্ভর করে শূন্যপদ ও কাঠামোগত সুযোগের ওপর। ফলে পদোন্নতি না হলে একই পদে থেকেই ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে দীর্ঘদিন একই পদে থাকা সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের বেতন কাঠামোর সঙ্গে বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সমন্বয় নেই বলেও দাবি উঠেছে।
কী বলছেন সেনা কর্মকর্তারা
নাম প্রকাশ না করে একজন সেনা কর্মকর্তা আগামীর সময়কে বলেন, ‘সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের চেয়ে আলাদা। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও কোনো সৈনিক বা জেসিওর বেতন যাতে স্থবির না হয়, সে জন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে।’
তিনি বলেন, একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্যদিকে অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।
ভার্টিক্যাল পে-স্কেলের সুপারিশ
দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি ও সদস্যদের দাবি পর্যালোচনায় একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থাৎ নতুন বেতন কাঠামোয় সৈনিকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও পদোন্নতি, গ্রেড ও দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধার প্রশ্নে সমাধানের অপেক্ষায় রয়েছেন বাহিনীর নিম্ন ও মধ্যম পর্যায়ের সদস্যরা। বেতন বৃদ্ধির পাশাপাশি এসব কাঠামোগত সমস্যার সমাধানই এখন তাদের বড় প্রত্যাশা।



