পূজা দেখে ফেরার পথে কালীগঙ্গায় ট্রলার ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ মা

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবে আদ্রিতা বেপারী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা রিনা ব্যাপারী (৩৮) এখনও নিখোঁজ।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাটসংলগ্ন কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের নিয়ে নেছারাবাদ উপজেলার ভরতকাঠি খেয়াঘাটের দিকে রওনা দেওয়ার সময় ট্রলারটি উল্টে যায় বলে জানায় স্থানীয়রা।
নিহত আদ্রিতা ও নিখোঁজ রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা। রিনা বেপারী ওই গ্রামের শংকর বেপারীর স্ত্রী। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন শংকর। পূজা দেখতে শ্রীরামকাঠী এলাকায় গিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর থেকে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত যাত্রী ও মালামালের চাপে ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই ট্রলারটি নদীতে ডুবে যায়।
এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে রিনা বেপারী ও তার মেয়ে আদ্রিতা নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পিরোজপুর ফায়ার সার্ভিসের নেতৃত্বে বরিশাল থেকে আসা ডুবুরি দল নদীতে দুই দফা অভিযান চালায়। পরে আদ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাত পর্যন্ত রিনা বেপারীর সন্ধান পাওয়া যায়নি।
নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেছেন, অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। দুর্ঘটনাটি নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি এলাকায় ঘটেছে। কিশোরীর মরদেহ উদ্ধার করা হলেও তার মা এখনও নিখোঁজ রয়েছেন।



