কবরস্থানে পড়ে ছিল বুলেটের ২৪ কেজি খোসা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

উদ্ধার করা বুলেটের ধাতব অংশ
লক্ষ্মীপুরে একটি কবরস্থান থেকে বুলেটের প্রায় ২৪ কেজি খোসা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রামগঞ্জের লামচর ইউনিয়নের বাইতুন নূর জামে মসজিদের সামনের কবরস্থানে ঘটেছে এ ঘটনা।
সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহের জেরে স্থানীয়রা খবর দেন পুলিশে। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে ব্যাগ খুলে ব্যবহৃত বুলেটের খোসা দেখতে পান।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজ উদ্দিন বললেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ থেকে বিভিন্নভাবে এসব ধাতব অংশ এসে থাকতে পারে।’
তবে স্থানীয়দের দাবি, আশপাশে কোনো ফায়ারিং রেঞ্জ নেই। এ কারণে কবরস্থানে ব্যাগভর্তি বুলেটের খোসা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, এগুলোর উৎস, কবরস্থানে কীভাবে পৌঁছেছে- এসব খতিয়ে দেখা হচ্ছে।





