চকরিয়া
সড়কে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর
কক্সবাজার প্রতিনিধি

বাবুল দে
রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে রনি দে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাবাকে বাঁচানো যায়নি।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল দে (৫৫) ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে ‘বাবুল ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান চালাতেন।
স্থানীয় বাসিন্দা রুদ্র জানিয়েছেন, রাতে ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় তার ছেলে রনি দে বাবাকে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রনি দে বাবাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া বলেছেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে বাবুল দের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




