গঙ্গাচড়ায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার তিন আওয়ামী লীগ নেতা
রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন আলী ওরফে মাগুড় (৫৫), গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরশিদার রহমান (৪২) এবং উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মো. তারিকুজ্জামান ওরফে তমজিদ (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা তালেবটারী এলাকায় নিজ বাড়ির কাছ থেকে মহসীন আলীকে গ্রেপ্তার করা হয়। ১৪ নভেম্বর রাতে গজঘন্টা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুরশিদার রহমানকে। সর্বশেষ ১৫ নভেম্বর দুপুরে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকা থেকে তারিকুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গঙ্গাচড়া থানার ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের ২৮ নম্বর মামলা রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



