আশুলিয়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ, কাভার্ডভ্যানে আগুন দিলেন শ্রমিকরা

দুপুরে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। ছবি: আগামীর সময়
ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আজ সোমবারও কর্মবিরতি, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের দমানোর জন্য তাদের ওপর সাউন্ড গ্রেনেড-টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। দুপুরে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।
তিনি জানালেন, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
গতকাল রবিবার নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
স্থানীয়রা জানালেন, নিশ্চিন্তপুর এলাকার 'নিউ এইজ' পোশাক কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। পরিস্থিতি বিবেচনায় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ একাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
তারা জানিয়েছেন, ছুটি ঘোষণার পর শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন উত্তেজিত শ্রমিকরা। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।
তবে সংঘর্ষে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক বললেন, ‘আমরা ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে এবং গতকাল আমাদের দুজন সহকর্মীকে আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বললেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে আটকের ঘটনা নিন্দনীয়। আটক হওয়া শ্রমিকদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
‘শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে আটকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়,’ বললেন তিনি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানালেন, আগের দিন এই অঞ্চলের ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অস্থিতিশীলতার কারণে আজ সোমবার ঠিক কতটি কারখানা চালু রয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
৩০ হাজার টাকা ন্যূনতম বেতন, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অহেতুক ছাঁটাই বন্ধের দাবিতে সাভারের আশুলিয়ায় এ আন্দোলন করছেন শ্রমিকরা।




