সন্তানসহ নারীর মাটিচাপা মরদেহ, ‘তর্কের জেরে হত্যায় প্রেমিক’

ছবি: আগামীর সময়
ফরিদপুর সদরে শিশু সন্তানসহ নারীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় দায় স্বীকার করেছেন ওই নারীর ‘প্রেমিক’ মো. উজ্জ্বল খান। তাকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে পুলিশ।
রবিবার দুপুরে কোতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম।
নিহত জাহানারা বেগমের (৩০) বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায়। পাঁচ বছরের মেয়ে সামিয়াসহ তার মরদেহ গত ১৪ মে বিকালে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের বনমালী মাঝিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই রাজবাড়ী থেকে আটক করা হয় উজ্জ্বলকে।
জিজ্ঞাসাবাদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, ঢাকার আমিনবাজার এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারার সঙ্গে উজ্জ্বলের পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে জাহানারাকে গত ৪ মার্চ রাতে ফরিদপুর ডেকে নেন উজ্জ্বল। কালিতলা এলাকায় একটি নির্জন ঘরে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে প্রথমে জাহানারাকে ও পরে শিশু সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন উজ্জ্বল।
ঘরের পাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে পালিয়ে যান তিনি। মরদেহ উদ্ধারের পর জাহানারার বাবা লালন মোল্লা কোতয়ালী থানায় হত্যা মামলা করেন।




