রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিক নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

উজ্জ্বল খন্দকার
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় খোলা লিফট (দরজা বিহিন লিফট) থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিকিমথ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির একটি ভবনে খোলা লিফটে দাড়িয়ো কাজ করছিলেন উজ্জ্বল খন্দকার। এ সময় অসাবধানতাবশত প্রায় ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রকল্পের অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা শেষে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানো চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল খন্দকারের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানালেন, এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








