ফরিদপুর হাসপাতালে ৫ টাকার টিকিট ১০ টাকা, রোগীদের দেওয়া হয় নিম্নমানের ভাত-মাছ

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি এবং চিকিৎসকদের অনুপস্থিতিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার দুপুরে দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে বহির্বিভাগের টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া হাসপাতালের কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিত হওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ সাংবাদিকদের জানান, রোগীদের পথ্য বা খাবার সরবরাহে বড় ধরনের অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
দরপত্র অনুযায়ী, রোগীদের ৯৫ টাকা কেজি দরের চালের ভাত দেওয়ার কথা থাকলেও তাদের অত্যন্ত নিম্নমানের চালের ভাত সরবরাহ করা হচ্ছিল। একইভাবে জনপ্রতি ২০০ গ্রাম পাঙাশ মাছ দেওয়ার কথা থাকলেও রান্না করা মাত্র ৮০ গ্রাম মাছ দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, হাসপাতালের স্টোররুমে ওষুধসামগ্রী যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না। এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।



