হাতিয়া
নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলা!

ছবি: আগামীর সময়
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী হওয়ায় এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারীদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলা প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিবারের সদস্য আয়ভিনা বেগম।
লিখিত বক্তব্যে আয়ভিনা বেগম জানান, তার ভাই রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক। তিনি সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ অক্টোবর রাতে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন ও নাজিম মোল্লার নির্দেশনা ছিল বলে অভিযোগ করেছে পরিবার।
আয়ভিনা বেগমের অভিযোগ, সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজনের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীদের মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। হামলাকারীরা তাদের গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ভাঙচুরে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকা বলে দাবি করেছে পরিবারটি।
আয়ভিনা বেগম আরও বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি।
তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি পুলিশকে জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ ছিল না। তবে পুলিশ বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে আসার সময় নারীদের কিছু আওয়াজ শুনতে পায়।




