রায়পুর
মাছের আড়ৎ দখলে নিতে বিএনপি নেতাকে মারধর

এনপি নেতা ইমাম হোসেন গাজী
লক্ষ্মীপুরের রায়পুরে মাছের আড়ৎ দখলে নিতে বিএনপি নেতা ইমাম হোসেন গাজীর ওপর হামলা-মারধরের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বহিষ্কৃত নেতা মেহেদী কবিরাজ ও এবাদ উল্যাহ গাজী এ হামলা করিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটের সাবেক কৃষক দল নেতা শামীম গাজীর মাছের আড়তে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ইমাম গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইমাম গাজী উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব শামীম গাজীর বাবা। হামলাকারীরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের অনুসারী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব চলছে। ঘটনার সময় ইমাম তার ছেলে শামীমের মাছের আড়তে যায়। সেখানেই ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজ ও অনুসারী এবাদ উল্যাহ গাজীর লোকজন ইমামের ওপর হামলা করে। আধিপত্য বিস্তার ও মাছের আড়ৎ দখলে নেওয়ার জন্যই এ হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
আহত বিএনপি নেতার ছেলে শামীম গাজী বলেন, বিএনপি নেতা ফারুক কবিরাজের ভাই মেহেদী ও তাদের অনুসারী এবাদ উল্যাহ গাজীর লোকজন আমার বাবার ওপর হামলা করেছে। তারা আমার মাছের আড়ৎ দখলে নিতে ঘটনাটি ঘটিয়েছে। এর আগেও তারা আমার তিনটি মাছের আড়ৎ দখল করে নিয়েছে। ৩ নভেম্বর এক যুবক এবাদের ওপর হামলা করে। তাকে আমরা চিনিও না। এরপর বিএনপি নেতা ফারুক কবিরাজ ষড়যন্ত্র করে আমি ও আমার বাবাকে মামলায় আসামি করিয়েছে। ঘটনার দিন আমি আগের একটি মামলায় গ্রেপ্তার ছিলাম।
অভিযুক্ত মেহেদী কবিরাজ বলেন, ইমাম গাজী ও এবাদ গাজী আত্মীয়-স্বজন। শুনেছি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি এলাকায় নয়, ঢাকায় আছি।
রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানতে পারেনি। হামলার ঘটনায় মেহেদী কবিরাজ জড়িত কিনা জানি না। তবে এবাদের বিষয়টি শুনেছি।
এ ব্যাপারে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, হামলার ঘটনাটি শুনেছি। পুলিশও পাঠানো হয়েছে। তবে লিখিতভাবে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




