গফরগাঁওয়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়েছে। গতকাল বুধবার রাতে শিলাসী মীরবাড়ি গ্রামের দরগাহ ভিটা কবরস্থানে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে কবর দুটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাসী মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর মোশারফ হোসেন ওরফে মীর মুশা প্রায় দেড় বছর আগে মারা যান। একই কবরস্থানে ধামাইল গ্রামের বাসিন্দা শামছুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমকে প্রায় দুই বছর আগে দাফন করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘সুফিয়া পাগলী’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মীর বাদল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্বৃত্তরা এক রাতে দুটি কঙ্কাল নিয়ে গেছে। বিষয়টি উদ্বেগজনক।
আরেক স্থানীয় বাসিন্দা মীর মনির হোসেন জানান, আগেও একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। এ কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।







