সহসাই জানা যাবে দেশের সর্বোচ্চ পাহাড় চূড়া কোনটি

মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া নির্ধারণের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নূর-ই-আলম মোহাম্মদ জোবায়ের সারোয়ার। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবানে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে চলমান জরিপ কার্যক্রম নিয়ে বান্দরবান সার্কিট হাউসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্ভেয়ার জেনারেল বললেন, গত ৪ এপ্রিল থেকে বান্দরবানের রুমা ও থানচি এবং রাঙামাটির বিভিন্ন পাহাড়ে স্যাটেলাইট জরিপ শুরু হয়েছে। এই কার্যক্রম ১২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
তার ভাষ্য, এর আগে দেশে সরকারি পর্যায়ে কোনো পূর্ণাঙ্গ পাহাড় জরিপ হয়নি। ৪৯তম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিজের কর্মজীবনে প্রথমবারের মতো এই জরিপ শুরু হওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
তাজিন ডং, ক্যওক্রাডং বা সাফা হাফং দেশের সর্বোচ্চ চূড়া হিসেবে কীভাবে প্রচলিত হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল নূর-ই-আলম মোহাম্মদ জোবায়ের সারোয়ার জানান, বাংলাদেশ জরিপ অধিদপ্তরে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য রেকর্ড পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত তথ্য থেকেই এসব নাম ছড়িয়ে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালে একই ধরনের একটি সরকারি জরিপ শুরু করার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তা পরবর্তীতে বন্ধ হয়ে যায়।




