রৌমারীতে ৯ মুক্তিযোদ্ধার নামফলকের লেখা মুছে দিল দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়
কুড়িগ্রামের রৌমারীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংরক্ষিত শহীদ ৯ মুক্তিযোদ্ধার স্মৃতিফলকের লেখা মুছে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে সংরক্ষিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত নামফলকের লেখা মুছে ফেলা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য স্থাপিত নামফলকের লেখা মুছে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নামফলকের লেখা পুনরায় সংরক্ষণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা দুঃখজনক। শহীদ মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধী, তারাই এ কাজ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’




