ঘরে স্বামী ও ২ মেয়ের মরদেহ, হেফাজতে স্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী যমজ কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে ঘটে এ ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত যমজ কন্যাসন্তান হলো জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। জুমার নামাজের পর জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে যান। তবে বাবার সঙ্গে নানার বাড়িতে ছিল দুই যমজ সন্তান। বিকাল ৪টার দিকে উদ্ধার হয় তাদের লাশ।
নিহতের স্ত্রী আফিয়া বেগম বললেন, গতকাল দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। যাওয়ার সময় যমজ মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানালেন, খবর পেয়ে দ্রুত মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করতে পারেন জাহেদ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



