সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখনও পিছিয়ে: দীপেন দেওয়ান

ছবি: আগামীর সময়
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘সমতল ও পাহাড় সব জায়গার মানুষের সমান অধিকার রয়েছে।কোথাও কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।’
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে আয়োজিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
মন্ত্রী বলেছেন, ‘আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কাউকে পিছিয়ে রেখে আমরা কোনো ধরনের উন্নয়ন করতে পারব না। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে কাজ করছে।’
মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনিপুরী সমাজকল্যাণ সমিতির সভিাপতি প্রতাপ চন্দ্র সিংহ, ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ, সিলেট মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক লক্ষণ মুন্ডা,মৌলভীবাজার উরাও ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি পূরণ উরাও প্রমুখ।
এর আগে মন্ত্রী মন্ত্রী দিপেন দেওয়ান ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা।







