কারা হামলা করেছে প্রশাসন বের করুক: এমপি নুসরাত

সংগৃহীত ছবি
গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বললেন, সন্দেহভাজনদের নাম আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করে বের করবে।
আজ বৃহস্পতিবার গ্রামের বাড়ি পরিদর্শনে গিয়ে এনসিপি নেত্রী নুসরাত এ কথা বলেন।
সিসিটিভির ফুটেজ দেখে একে পেট্রোল বোমা হামলা বলে ধারণা করছেন এনসিপির এ নেত্রী। তিনি বললেন, আমার এলাকাবাসীর কারো সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি মনে করি না আমার এলাকাবাসী কেউ এ কাজে যুক্ত থাকতে পারেন। তারপরও কেউ যুক্ত থাকলে সেটি প্রশাসনের দায়িত্ব খুঁজে বের করার।
‘এটি আমার ব্যক্তিগত শত্রুতার কারণে অবশ্যই নয়, এটা রাজনৈতিক নাশকতা’, যোগ করেন তিনি।
নুসরাতের ভাষ্য, ‘আমাদের এখানে সিসি ক্যামেরার ফুটেজে চার বার অগ্নিসংযোগের চেষ্টা দেখা গেছে। যেহেতু শব্দ পাওয়া গেছে, তাই অন্য কিছু ভাবার সুযোগ নেই।’
এর আগে গতকাল বুধবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের ডাংমড়কা বাড়িতে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। নুসরাতের অভিযোগ, পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরানো হয় তার গ্রামের বাড়িতে। এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে বলে দাবি করছেন জুলাই অভ্যুত্থানে তার সহযোদ্ধারা।
স্থানীয়রা জানিয়েছে, আগুন দেওয়া হয়েছে টিনশেডের একতলা একটি বাড়িতে। ফায়ার সার্ভিস রাত ২টার দিকে আগুন নেভায়। বাড়িটির কেয়ারটেকার শাহ আলম জানালেন, বোমার মতো কিছু একটা বিস্ফোরিত হয়ে টিনের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত। আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।
এদিকে এ ঘটনায় সরব হয়েছেন বিরোধী জোটের নেতারা। তারা দায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের প্রতি।
জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই’, যোগ করেন জামায়াতের শীর্ষ এ নেতা।
গত কয়েকদিনে নাশকতার মধ্যে নুসরাতের বাড়িতে এই আগুন পরিকল্পিত বলে মনে করছেন এনসিপির আহ্বায়ক ও এমপি নাহিদ ইসলাম, যিনিও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি।’
‘নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে,’ আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিএনপি সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালনকারী নাহিদ লিখেছেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’





