নারায়ণগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভূঁইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ধানমন্ডির ‘পপুলার’ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুবুর আলম জানিয়েছেন, মোবাইল ফোন কেনা ও আর্থিক লেনদেনের কলহের জেরে ছেলে তার বাবাকে কুপিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাবা বর্তমানে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে সালমানকে গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত যুবকটি মাদকাসক্ত। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




