সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

কক্সবাজারের চকরিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে ঘরে ঘরে জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হলে দেশের আমূল পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চরপাড়ায় স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানীর স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বললেন, ‘বর্তমান বিশ্ব ও বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্ল্যান্টের মাধ্যমে একদিকে জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে বিদ্যুৎও উৎপাদন করা যায়। স্থানীয় পর্যায়ে বায়োগ্যাসের উদ্যোগ বাড়ানো গেলে দেশের জ্বালানি চাহিদা পূরণে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।’
অনুষ্ঠানে উদ্যোক্তা আবু তাহের রহমানী জানান, তার স্থাপিত প্ল্যান্ট থেকে বর্তমানে এলাকার ১৫টি পরিবারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে তার। এতে স্থানীয় পর্যায়ে জ্বালানির চাহিদা পূরণে আরও বড় পরিসরে অবদান রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষি খাতে অবদানের জন্য এর আগে সরকারি স্বীকৃতি পেয়েছেন আবু তাহের রহমানী। অনুষ্ঠানে তার এই উদ্যোগকে স্থানীয় পর্যায়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ারসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি নির্বাচিত দুজন উদ্যোক্তার হাতে চেক তুলে দেন প্রতিমন্ত্রী। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।



