ইউপি নির্বাচনে ভালো মানুষ নির্বাচিত করতে হবে: খাদ্যমন্ত্রী

হরিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালো মানুষ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, ‘সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন আসছে। ভালো একজন মানুষ যেন আসে, স্বচ্ছ মানুষ আসে। যে আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পারবে। আপনাদের সঠিক ব্যক্তি পছন্দ করে নিতে হবে।’
আজ বুধবার বিকালে মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে নেপাল চন্দ্র হালদারের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বললেন, ‘আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত সরকারে আমলের চেয়ে এবছর অনুদানও বেশি পেয়েছেন৷ গতকালকেও আমরা কাপড় দিলাম, প্রধানমন্ত্রীর তরফ থেকে।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের কাছে এসেছি। আপনাদের নিরাপত্তায় সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। আপনারা বুঝে নিবেন আপনাদের প্রকৃত বন্ধু কোন দল। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশ, জনগণের ভালোবাসা অর্জন করো। সেই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই ভালোবাসা নিয়েই যেন এগিয়ে যেতে পারি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেপাল চন্দ্র হালদার।
এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজমসহ উপজেলা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।



