গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বললেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ ক, গ ও ঘ নম্বর বগির সঙ্গে পেছনের বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হুক ভেঙে যাওয়ায় খ নম্বর বগি, পাওয়ার কার এবং ঙ থেকে ড নম্বর পর্যন্ত বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার চলে যায়।
ওসি আরও বললেন, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামান। পরে পেছনের দিকে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় বিকাল সাড়ে চারটার দিকে বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।



