নিখোঁজের ২৪ দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে এলো শিশুর লাশ

জামালপুরে নিখোঁজের ২৪ দিন পর মৃত অবস্থায় উদ্ধার শিশু রোহান। ছবি: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জে ২৪ দিন আগে নিখোঁজ শিশু রোহানের মরদেহ মিলেছে ব্রহ্মপুত্র নদে। আজ বৃহস্পতিবার সকালে তা উদ্ধার করেছে থানা পুলিশ। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
মৃত সাত বছরের রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের একমাত্র সন্তান। তার চাচা ইসমাইল হোসেন বললেন, গত ২৪ আগস্ট বাড়ির পাশে নদের দফাদার ঘাটে গোসল করতে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলও তাকে উদ্ধার করতে পারেনি।
তিনি জানালেন, আজ সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার নদীতে এক শিশুদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর শুনে স্বজনরা যান সেখানে। মরদেহটি গলে যাওয়ায় গায়ের কাপড় দেখে সেটি রোহানের বলে শনাক্ত করা হয়। পরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহরুল হোসেন ঘটনাটি নিশ্চিত করে রোহানের পরিবারের প্রতি জানিয়েছেন শোক।



