জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর রেদোয়ান মাহমুদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রেদোয়ান ওই এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকালে যমুনা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলতে যায় রেদোয়ান। খেলতে খেলতে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পায়নি।
আজ দুপুরের দিকে নদীতে রেদোয়ানের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।




