সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

সুরমা নদী থেকে মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি ও তার মেয়ে জয়স্মিতা বিশ্বাসের মরদেহ উদ্ধার। ছবি: আগামীর সময়
সিলেট নগরীর সুরমা নদী থেকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা দক্ষিণ সুরমা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী।
নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানিয়েছেন, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন তিন মাস, তখনই রোগটি ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন।
জীবনানন্দের ভাষ্য, মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে, এমন চিন্তা থেকে তার স্ত্রী হতাশ হয়ে পড়েছিলেন। তার মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের অধীনেও তার চিকিৎসা করানো হয়। বিভিন্ন ওষুধ সেবনের পরও তার অবস্থার উন্নতি হয়নি।
তিনি জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে স্ত্রীর সঙ্গে তার কোনো পারিবারিক বিরোধ বা মনোমালিন্য ছিল না বলে দাবি করেছেন জীবনানন্দ।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানিয়েছেন, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কীভাবে ও কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




