বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ড’, বাড়ছে পর্যটকের ভিড়

ছবি: আগামীর সময়
দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীর তীর ঘিরে গড়ে উঠেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। স্বচ্ছ পানির প্রবাহ, পাথুরে নদীর তলদেশ, দুই পাশের সবুজ প্রকৃতি আর নীল আকাশের মিতালি—সব মিলিয়ে জায়গাটি পরিচিতি পেয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে। পরিকল্পিত উদ্যোগ ও যথাযথ পরিচর্যা করা গেলে স্থানটি হয়ে উঠতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর জায়গাটি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা পরিবার ও বন্ধুদের নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন।
সরেজমিন দেখা যায়, নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলোর ঝিলিক, নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর এবং দুই তীরের সবুজ গাছপালা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে আসছেন নানা বয়সী মানুষ।
পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী বলেন, ছোট যমুনা নদীর শ্রীপুর ঘাটে সম্প্রতি নতুন একটি সেতু নির্মিত হয়েছে। নদীর স্বচ্ছ পানি, পাথুরে তলদেশ ও চারপাশের সবুজ প্রকৃতি মিলে জায়গাটি অসাধারণ সৌন্দর্য ধারণ করেছে।
ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাশেদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন শত শত মানুষ সেখানে আসছেন। কেউ নদীর সৌন্দর্য উপভোগ করছেন, কেউ পানিতে সময় কাটাচ্ছেন, আবার অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
ফুলবাড়ী উপজেলার নিমতলা এলাকার কামালের স্ত্রী সোনিয়া বেগম ও শিশু সন্তান নাইমকে নিয়ে মোটরসাইকেলে সেখানে ঘুরতে এসেছেন।
তিনি বলেন, ফেসবুকে জায়গাটির ভিডিও দেখে পরিবার নিয়ে এসেছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ।
স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে জায়গাটি সংরক্ষণ ও পর্যটন সুবিধা গড়ে তোলা গেলে বিরামপুরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ঝুঁকিও তৈরি হচ্ছে। অতিরিক্ত ভিড়, অসতর্কভাবে পানিতে নামা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও সাঁতার না জানা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নিয়মিত নজরদারি চালুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।
বিরামপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, শ্রীপুর ঘাটে স্বচ্ছ পানির প্রবাহের কারণে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা বাড়ছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পর্যটন এলাকায় পুলিশের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, তিনি কয়েক দিন আগে এলাকাটি পরিদর্শন করেছেন। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য তারও ভালো লেগেছে। সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যথাযথ পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে বিরামপুরের শ্রীপুর ঘাট শুধু স্থানীয় বিনোদনকেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং দিনাজপুরের নতুন পর্যটন আকর্ষণ হিসেবে দেশজুড়ে পরিচিতি পেতে পারে।




