শাকেরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ

সড়কে বাস রেখে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির সদস্যরা।
মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার শাকেরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির সদস্যরা।
আজ বুধবার এ অবরোধের কারণে মাগুরা বাস টার্মিনাল এলাকায় বাস ও ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন।
শ্রমিক নেতারা বলেছেন, অবিলম্বে শাকেরের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
এর আগে বুধবার ভোরে মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে শাকেরকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথার পেছনে একটি ছিদ্র পাওয়া গেছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ জানিয়েছেন, মাথার পেছনের ছিদ্রটি কীসের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।



