খুলনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে জখম

গ্রাফিকস: আগামীর সময়
খুলনা নগরীতে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর হঠাৎ বাজারের ইসলামপাড়া প্রথম গলির সামনে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম মো. ইকবাল শেখ (৩৫)। ইকবাল শেখ ইসলামপাড়ার ইকলাছ শেখের ছেলে। তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একই এলাকার আলামিন শেখের ছেলে আবির শেখের সঙ্গে ইকবালের মেয়ের বিয়ে হয়। তিন থেকে চার মাস আগে ইকবাল তার মেয়েকে ওই সংসার থেকে ছাড়িয়ে আনেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হলে আবির, শাওনসহ আরও চারজন ইকবালের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আশঙ্কামুক্ত।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানিয়েছেন, আজ বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।




