খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি : দুইজনের বিরুদ্ধে মামলা

একটি গুলি একজন সাংবাদিকের বসা চেয়ারে বিদ্ধ হয়। ছবি: আগামীর সময়
খুলনা নগরীতে সাংবাদিকদের আড্ডায় গুলি ছোড়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই আসামির বিরুদ্ধে হয়েছে মামলা। গতকাল বুধবার রাতে খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তানজির রহমান এই মামলা করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাতে সদর থানাধীন জাতিসংঘ শিশুপার্কে আবদুল জলিল শেখের পানের দোকানের সামনে গুলির ঘটনা ঘটেছে। রাত সোয়া ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, সেখানে ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ রানা কবির, এসএ টিভির রকিবুল ইসলাম মতি এবং খুলনা সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক লেলিন।
হঠাৎ একটি মোটরসাইকেলে দুইজন সাতরাস্তার মোড়ের দিক থেকে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, তারা কয়েকজন সাংবাদিক দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বসার চেয়ারে লাগে।
সৈয়দ রানা কবির জানিয়েছেন, গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক শেখ আওয়ালের বুকে লাগলে সামান্য আহত হন। তবে তিনি সুস্থ আছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




