সাতক্ষীরার তালা
ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, ১২ দিনেও খোঁজ মেলেনি সাথীর

নিখোঁজ সাথী পারভীন
ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ১২ দিনের মাথায়ও বাড়ি ফিরে আসেনি সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপাড়া কারিগরপাড়ার সাথী পারভীন (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল আলিম পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয়দের ভাষ্য, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন।
রাতে বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বামী। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে পরিবারের দাবি।
নিখোঁজ সাথী পারভীনের ১০ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের জন্য দুই শিশু কান্নাকাটি করছে বলে জানান তাদের বাবা আব্দুল আলিম।
পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় গত ১২ অক্টোবর থানায় একটি জিডি হয়েছে। বিট পুলিশ কর্মকর্তা অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এ ছাড়া নিখোঁজ নারীর সন্ধান সহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




