মোংলায় সবার জন্য উন্মুক্ত ‘বানৌজা বিজয়’

ছবি: আগামীর সময়
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’।
জাহাজটি দেখতে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। এতে নৌবাহিনীর জেটি এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের।
আজ শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।
এ সময় জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি, পরিচালনা পদ্ধতি ও নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন।
আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ হয় না। তাই সন্তানদের দেশের নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে জাহাজটি দেখতে নিয়ে এসেছেন। যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারাকে গর্বের বিষয় বলেও উল্লেখ করেন দর্শনার্থীরা।
বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং জনগণের সঙ্গে নৌবাহিনীর সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই যুদ্ধজাহাজটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার বাদ ফজর বাংলাদেশ নৌবাহিনীর সব মসজিদে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত, দেশের সুখ-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকালে কমান্ডার খুলনা নৌ-অঞ্চলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর সমাধিতে গার্ড অব অনার প্রদান এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে খুলনার বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোয় দিবসটির তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন নৌ-ঘাঁটি ও বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এর মধ্যে ঢাকার সদরঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অপরাজেয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।




