ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইকটি। ছবি: আগামীর সময়
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী এলাকায়।
নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, তারাকান্দা উপজেলার আব্দুল মোতালেবের মেয়ে ২৫ বছর বয়সী শিলা। শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ৩৫ বছর বয়সী আবেদা। ময়মনসিংহ শহরের জুবিলীঘাট মহল্লার দিলীপ ঘোষের ছেলে ৩৫ বছর বয়সী দেবরাজ ঘোষ।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিয়ামারী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয় একটি দ্রুতগতির ট্রাক। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শিবিরুল ইসলাম জানিয়েছেন, হতাহতদের সবার পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।




