বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

নগর ভবনে অভির হাতে নিয়োগপত্র তুলে দেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ। ছবি: আগামীর সময়
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি।
গতকাল মঙ্গলবার বিকালে নগর ভবনে অভির হাতে নিয়োগপত্র তুলে দেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ।
এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
অভি নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা।
বিসিসির প্রেস সচিব সাকলাইন মোস্তাক বললেন, ‘অভি আমাকে জানিয়েছেন, তিনি কম্পিউটার চালনায় পারদর্শী। সেই অনুযায়ী প্রশাসক তাকে কাজ দিবেন। আপাতত অভিকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।’
সাকলাইন উল্লেখ করেন, ‘চিঠি পাওয়ার সময় অভির কান্না দেখে আমার মনে হয়েছে, আমরা সমাজে কত না দেয়াল তুলে রেখেছি। কিন্তু একজন জনপ্রতিনিধি বা প্রশাসক যখন এভাবে সবার কাছে পৌঁছান, তখন সেই কৃত্রিম বৈষম্যগুলো ভাঙতে শুরু করে।’
অভি আগামীর সময়কে বলেছেন, ‘সপ্তাহ খানেক আগে সিটি করপোরেশনে চাকরির জন্য আবেদন করেছিলাম। স্বপ্নেও ভাবিনি যে ডাক পাবো। আমার একাডেমিক সার্টিফিকেট যে কোনো কাজে আসতে পারে, তা কল্পনাই করিনি। আমাদের অনেক সংস্থা ট্রেনিং দিয়েছে, নানা কিছু করেছে, তবে স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি।
তিনি জানান, তার বাবা-মা ৯ বছর আগে মারা গিয়েছেন। ৯৫ বছর বয়সী নানু এবং প্রতিবন্ধী ছোট ভাইকে নিয়ে বসবাস করেন তিনি।
অভির ভাষ্য, আমার অনিশ্চয়তার জীবন এই চাকরির মাধ্যমে আশা করি শেষ হয়েছে। তাছাড়া আমার এই চাকরি সারাদেশের জন্য দৃষ্টান্ত।
বিসিসি এর প্রশাসক শিরিণ জানালেন, তৃতীয় লিঙ্গের মানুষরা তো দেশের নাগরিক, তাদের সাথে কেন বৈষম্য হবে? বৈষম্য দূর করতে এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।




