দেশীয় বাদ্যযন্ত্রের কদর কমেছে, হারিয়ে যাওয়ার পথে চার পুরুষের কারিগরি

নিজের দোকানে দীনেশ চন্দ্র দাস। ছবি: আগামীর সময়
একসময় দিনে ১০ থেকে ১২টি বাদ্যযন্ত্র বিক্রি করতেন দীনেশ চন্দ্র দাস। এখন পুরো মাসেও সেই সংখ্যক বাদ্যযন্ত্র বিক্রি হয় না। ঘর ও দোকানজুড়ে সাজানো রয়েছে প্রায় ৩৬০টি বাদ্যযন্ত্র। কিন্তু ক্রেতার দেখা নেই। চার পুরুষ ধরে চলে আসা এই পেশা আঁকড়ে ধরে আছেন তিনি। তবে তার পরবর্তী প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চান না। আধুনিক ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের প্রসারে কমেছে দেশীয় বাদ্যযন্ত্রের কদর। সেই সঙ্গে বাড়ছে দীনেশের মতো কারিগরদের জীবন-জীবিকার অনিশ্চয়তা।
দীনেশ চন্দ্র দাসের কাছে বাদ্যযন্ত্র তৈরি কেবল জীবিকা নয়, পূর্বপুরুষের ঐতিহ্যও। তার দাদা পঞ্চনন্দ দাস এই কাজ শিখিয়েছিলেন বাবা সুরেন্দ্র চন্দ্র দাসকে। বাবার কাছ থেকেই এ কারিগরি শেখেন তিনি। ১৯৭৫ সালে মাত্র ১২ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে মানিকগঞ্জের মহাদেবপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে আসেন দীনেশ। পরে চাকিরপাশা ইউনিয়নের মাস্টারপাড়ায় বসবাস শুরু করেন। বাবার মৃত্যুর পর প্রায় ৪০ বছর ধরে নিজ হাতে ধরে রেখেছেন বংশপরম্পরায় পাওয়া এই পেশা।
লালমনিরহাটের বড়বাড়িতে দীনেশের ছোট ভাই মানিক চন্দ্র দাসও একই পেশায় যুক্ত। দুই ভাই জানেন ১০১ ধরনের বাদ্যযন্ত্র তৈরির কারিগরি। বর্তমানে তারা তবলা, ডুগি, খোল, নাল, সুন্দুনি, দিপশি, হারমোনিয়াম ও ঢোলকসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেন।
তবে সময়ের সঙ্গে বদলে গেছে বাদ্যযন্ত্রের বাজার। একসময় গ্রামবাংলার যাত্রাপালা, পালাগান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যাপক চাহিদা ছিল। এসব অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে ছিল স্থানীয় কারিগরদের জীবন-জীবিকা। কিন্তু আধুনিক ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়ায় ধীরে ধীরে কমেছে দেশীয় বাদ্যযন্ত্রের চাহিদা।
দীনেশ চন্দ্র দাস বললেন, ‘ইলেকট্রিক বাদ্যযন্ত্র এবং আধুনিক বাদ্যযন্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় মানুষ বাংলা বাদ্যযন্ত্রের প্রতি কম আগ্রহী। আগের মতো যাত্রাপালা ও গান না হওয়ায় এগুলোর বিক্রিও কমে গেছে।’
বিক্রি কমে যাওয়ায় আয়ও কমেছে দীনেশের। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই এখন হিমশিম খেতে হচ্ছে তাকে। অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি বলেন, ‘২০০০ সালের দিকে প্রতিদিন ১০ থেকে ১২টি যন্ত্র বিক্রি করতাম। তখন একটা ঢোল বিক্রি করে ১০০ থেকে ২০০ টাকা লাভ হতো। বেচাকেনা ভালো ছিল, সেই টাকা দিয়ে ভালোভাবেই সংসার চলত। এখন পুরো মাসের বেচাকেনা করেও ১০ হাজার টাকা আয় করা কঠিন।’
বাদ্যযন্ত্র তৈরির উপকরণ ও শ্রমের খরচও কম নয়। মানিক চন্দ্র দাস জানান, তাদের তৈরি সবচেয়ে দামি বাংলা ঢোলের দাম ৭ হাজার টাকা। আর সবচেয়ে কম দামের আখড়াই বিক্রি হয় ২ হাজার ৫০০ টাকায়। কাঠ, মাটি, পিতল, সুতা ও চামড়াসহ বিভিন্ন উপকরণ লাগে এসব বাদ্যযন্ত্র তৈরিতে।
একটি খোল তৈরি করতে সময় লাগে চার দিন। এতে খরচ হয় ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা। অথচ বিক্রি করতে হয় ৪ হাজার টাকায়। অর্থাৎ চার দিনের শ্রমের বিনিময়ে লাভ থাকে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা।
এ পরিস্থিতিতে সরকারি সহায়তা ছাড়া এ পেশা টিকিয়ে রাখা কঠিন বলে মনে করেন মানিক চন্দ্র দাস। আক্ষেপ করে তিনি বলেন, ‘এত কষ্ট করেও এখন বাঁচা খুব মুশকিল। যদি হামাক গুলাক সরকারি সহায়তা দেয়, তাহলে এই ব্যবসা বাঁচি থাকপে। না হইলে এলা যে অবস্থা, হামার ছাওয়াপোয়া আর এই পেশাত আসির নয়।’
দীনেশের সংকট কেবল আর্থিক অনিশ্চয়তায় সীমাবদ্ধ নয়, রয়েছে উত্তরসূরি নিয়েও দুশ্চিন্তা। তার কোনো ছেলে নেই। চার মেয়ের সবাইকে বিয়ে দিয়েছেন। ফলে বাপ-দাদার পেশা ধরে রাখার মতো উত্তরসূরি তৈরি করতে পারেননি তিনি।
ছোট ভাই মানিক চন্দ্র দাসের দুই ছেলে অসীম চন্দ্র দাস ও হৃদয় দাসও এ পেশায় আসেননি। অসীম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। আর হৃদয় চাকরি করছেন ঢাকায়। তাদের কেউই বাবার পেশা বেছে নিতে চাননি।
এর কারণ হিসেবে আর্থিক অনিশ্চয়তার কথা জানান অসীম চন্দ্র দাস। তিনি বললেন, ‘আমার বাবা এই পেশায় তেমন কিছু করতে পারেননি। নিজের বাড়ি পর্যন্ত করতে পারেননি। মাসে ৮ হাজার টাকা আয় করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। এত কম আয় দেখেও আমরা কেন এই পথ বেছে নেব? এ জন্য আমি বাপ-দাদার পেশা ছেড়ে আর্মিতে যোগ দিয়েছি।’
হৃদয় দাসও পরিবারের ভবিষ্যতের কথা ভেবে এই পেশা থেকে দূরে সরে গেছেন। তার ভাষ্য, ‘আমার ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ঢাকায় এসেছি। বাপ-দাদার পেশার প্রতি আমার ভালোবাসা রয়েছে। কিন্তু ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। আমার বাবা ও জ্যাঠার পর আমাদের বংশে আর কেউ কারিগর হবে না।’
দীনেশ ও মানিকের পরিবারের এই সংকট কেবল একটি পরিবারের নয়। দেশের অন্যান্য অঞ্চলের দেশীয় বাদ্যযন্ত্র নির্মাতারাও একই পরিস্থিতির মুখোমুখি। কারিগরদের দেওয়া তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় একজন করে এবং কুড়িগ্রাম সদরে আরও তিনজন কারিগর রয়েছেন। সব মিলিয়ে জেলায় দেশীয় বাদ্যযন্ত্র তৈরির কারিগর মাত্র ছয়জন। পুরো রংপুর বিভাগে এ সংখ্যা মাত্র ২৫।
বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) ২০২০ সালের এক জরিপেও উঠে এসেছে এ পেশার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগজনক চিত্র। জরিপ অনুযায়ী, দেশীয় বাদ্যযন্ত্র নির্মাতাদের ৬০ দশমিক ৮৭ শতাংশের উত্তরসূরিরা বাপ-দাদার পেশা ধরে রাখতে আগ্রহী নন। একই জরিপে করোনাকালে এসব কারিগরের আয় ৮৪ দশমিক ৬৬ শতাংশ কমে যাওয়ার তথ্য উঠে আসে।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন জানালেন, ‘এটা শুধু কুড়িগ্রামের চিত্র নয়, সারা দেশেই এমন চিত্র। ঐতিহ্যবাহী শিল্প আধুনিক যন্ত্রের কাছে হারিয়ে যাচ্ছে, এটা দুঃখজনক। শিল্পীদের প্রতি অবশ্যই রাষ্ট্রের দায় আছে। রাষ্ট্র যদি পদক্ষেপ নেয়, সেটা শিল্পীদের জন্য ভালো হবে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদের মতে, বাদ্যযন্ত্র নির্মাতা ও শিল্পীদের পেশা হারিয়ে যেতে বসেছে। দেশীয় বাদ্যযন্ত্রের পরিবর্তে মানুষ এখন ডিজিটাল যন্ত্রের দিকে ঝুঁকছে। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কারিগরদের পুনর্বাসন এবং দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিভিন্ন অনুষ্ঠানে ইলেকট্রনিক যন্ত্রের পরিবর্তে দেশীয় বাদ্যযন্ত্র ও বাদকদের ব্যবহার নিশ্চিত করা গেলে শিল্পী ও শিল্প- দুটিই বাঁচবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা, প্রকাশনা ও নিউমিডিয়া বিভাগের পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ) দাবি করলেন, দেশীয় বাদ্যযন্ত্র নির্মাতাদের পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই। তবে এসব শিল্পী ও কারিগরের তালিকা তৈরি করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
একসময় যাদের হাতে তৈরি বাদ্যযন্ত্রের সুরে মুখর হতো গ্রামবাংলার সাংস্কৃতিক আয়োজন, আজ সেই কারিগরদেরই দিন কাটছে ক্রেতার অপেক্ষায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখা এই শিল্প এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের উদ্যোগ না এলে দীনেশ-মানিকদের হাত ধরেই হয়তো শেষ হয়ে যাবে দেশীয় বাদ্যযন্ত্র তৈরির কয়েক পুরুষের ঐতিহ্য।



