আশুলিয়া মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, নেই যানজট

ছবি: আগামীর সময়
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখনো শিল্প কারখানায় পুরোপুরি ছুটি শুরু না হওয়ায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষের বাড়তি চাপ নেই। রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের কিছুটা চাপ থাকলেও সড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
পুলিশ, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কিছু পোশাক কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ভোগান্তি এড়াতে অনেক শ্রমিক গত রাত ও আজ ভোর থেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। সকালে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি থাকলেও কোনো হুড়োহুড়ি দেখা যায়নি।
তবে দুপুরের পর পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে চালু থাকা আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ দুপুরের পর ধাপে ধাপে ছুটি শুরু হবে। এতে বিপুলসংখ্যক শ্রমিক একসঙ্গে রাস্তায় নামলে সন্ধ্যার পর মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে পারে। যাত্রী ও পরিবহন চালকদের ধারণা, অতিরিক্ত ঘরমুখো মানুষের কারণে তীব্র যানজট ও ধীরগতির সৃষ্টি হতে পারে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানিয়েছেন, যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত রাত থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






