ত্রাণমন্ত্রী
বিজয় দিবসে অস্থিরতা সৃষ্টিকারীদের বিচার করবে জনগণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আগামীর সময়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিজয় দিবসকে কেন্দ্র করে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশকে তারা কতটুকু ভালোবাসে তা জনগণই বিবেচনা করবে।
আজ রবিবার দুপুরে লালমনিরহাট সদরের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য ‘ঠিকানা’ বাড়ি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ৩০ লাখ মানুষের রক্ত ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় দিবস আমাদের আনন্দ, ঐতিহ্য ও সংগ্রামের। এই দিবসকে ঘিরে অস্থিরতা তৈরির অপচেষ্টা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে আসেননি, এখন বিচারকাজ শেষ হওয়ার পর আসতে চাইছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি-বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তিনি আসতে পারেন।
তার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বরাবরই সন্ত্রাসের জন্ম দিয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।
বাংলাদেশের মানুষ অতীতেও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং পরাজিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটলে মুক্তিকামী জনতা তা প্রতিহত করবে এবং গণতন্ত্র, শান্তি ও দেশের পক্ষে থাকবে।
এ সময় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




