সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
একই সময়ে বিভাগে নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৮ জন।
আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
প্রতিবেদন অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। অপর শিশুটির বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়। অন্যদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যাওয়া শিশুটির বয়স ৯ মাস। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।



