২৭ দিন বন্ধের পর চালু হলো সিইউএফএল

ছবি: আগামীর সময়
যান্ত্রিক ত্রুটিতে টানা ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
আজ শুক্রবার রাত ৩টার দিকে কারখানাটির উৎপাদন ইউনিট সচল হয়।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে কারখানাটিতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
কারখানা সূত্র জানায়, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় উৎপাদন। এর আগে গ্যাসসংকটের কারণে টানা ছয় মাস উৎপাদনের বাইরে ছিল প্রতিষ্ঠানটি। দীর্ঘ বিরতির পর গত ১৫ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদন শুরু হলেও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আবারও যান্ত্রিক সমস্যায় বন্ধ হয়ে যায় কারখানা। পরবর্তী সময়ে ত্রুটি মেরামত করে উৎপাদন চালু করা হলেও স্থায়ীভাবে সচল রাখা সম্ভব হয়নি।
দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। উৎপাদন সক্ষমতা অনুযায়ী, সিইউএফএলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া এবং ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব।
সংশ্লিষ্টরা জানান, প্রায় চার দশক আগে প্রতিষ্ঠিত কারখানাটির যন্ত্রপাতি পুরনো হয়ে যাওয়ায় বিভিন্ন সময়ে কারিগরি জটিলতা দেখা দিচ্ছে। এতে গ্যাস সরবরাহ সচল থাকলেও উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে। কোনো ইউনিটে ত্রুটি দেখা দিলে তা শনাক্ত ও মেরামত করে উৎপাদন পুনরায় শুরু করতে দীর্ঘ সময় ব্যয় হয়। পাশাপাশি আগের তুলনায় কারখানাটির উৎপাদন সক্ষমতাও কমেছে।
বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, ‘কারিগরি সমস্যা কাটিয়ে কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ তৈরি হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা সম্ভব হবে।’
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে কখন কী ধরনের সমস্যা দেখা দেবে, তা নিশ্চিত করে বলা যায় না। কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।’



