মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নৌপথে বানৌজা মোংলা নৌঘাটিতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নৌপথে বানৌজা মোংলা নৌঘাটিতে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে মোংলার বানৌজা নৌঘাঁটিতে পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বেলা পৌনে ৩টার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। জেটিতে পৌঁছে বন্দর কার্যক্রম ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল সোয়া ৩টার দিকে প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সফর শেষে বিকেল ৪টার দিকে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোংলাসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এ সফর রাজনৈতিক কর্মসূচির অংশ নয়; বরং বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনের সম্ভাবনা পর্যালোচনাকে কেন্দ্র করে এ সফরের আয়োজন করা হয়েছে। এ কারণে সফরস্থলগুলোতে দলীয় নেতাকর্মীদের বড় ধরনের জমায়েতের পরিবর্তে নির্ধারিত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।




