দাকোপ থেকে মোংলার পথে প্রধানমন্ত্রী

ছবি: আগামীর সময়
খুলনার উপকূলীয় উপজেলা দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সামরিক বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
হেলিপ্যাডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি নলিয়ান লঞ্চঘাট ও কোস্টগার্ড আউটপোস্ট এলাকা থেকে কোস্টগার্ডের একটি বিশেষ বোটযোগে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওয়ানা হন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোংলা বন্দরের বিভিন্ন জেটি এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ এবং স্থানীয় গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপকূলীয় সফর ঘিরে দাকোপ ও মোংলা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বন বিভাগের টহল বাড়ানো হয়েছে।




