নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

ছবি: আগামীর সময়
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে গ্যাসের প্রকৃত মজুদ ও উত্তোলন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। কাজ শেষে আজ সোমবার দুপুরে আগুনের শিখার মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।
তার ভাষ্য, এ বিষয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলে তা জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ ও উত্তোলনসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




