জামিনে মুক্তির এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ছবি: আগামীর সময়
জামিনে মুক্তির এক সপ্তাহের মাথায় মারা গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
মৃত আব্দুল কুদ্দুস মোয়াজ জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্যও ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় সাত মাসের বেশি সময় কারাভোগের পর গত সপ্তাহে জামিনে মুক্তি পান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় সরকারবিরোধী বিক্ষোভের চেষ্টা করার সময় আটক করা হয় তাকে। পরে শেরপুর আদালতে হাজির করা হলে তাকে পাঠানো হয় জেলা কারাগারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ কারাভোগ শেষে তিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন।
জামিনে মুক্তির কিছুদিন পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শেরপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।




