মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

ভাঙচুর ও অগ্নিসংযোগ হওয়া ঘর। ছবি: সংগৃহীত
ফুলবাড়িয়ায় পাঁচ মাদক কারবারির বাড়িঘরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গত রবিবার রাত ১০টা থেকে শুরু করে প্রায় তিন ঘণ্টা চলে এসব ঘটনা। পরে প্রায় এক ঘণ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাদক কারবারি জীবন চৌহানের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বললেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জীবন চৌহানের বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।
মাদক কারবারের অভিযোগে ফুলবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চান্দেরবাজার খালপাড় জীবন চৌহানের বাড়িঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও তাদের সামনে বাড়িঘর ভাঙচুর শেষে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র প্রায় সব পুড়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামে রোকেয়া বেগমের বাড়ি, দেওনাইপাড় গ্রামের নুরুল ইসলামের দোকান, মোকসেদ আলী ও সিদ্দিকের বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়।




