বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে প্রাণ গেল স্কুলছাত্রের

মিনহাজ আহম্মেদ সীমান্ত
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৃত স্কুলছাত্রের নাম মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১)। সে নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির এক পাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে উঠে আসছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।
পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।




