টেকনাফ
ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল আট বছরের শিশু ইসমাইল। কিন্তু সবার সঙ্গে আর বাড়ি ফেরা হলো না তার। পুকুরের গভীর পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে তার।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল ক্যাম্পের এইচ/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুবায়েরের ছেলে।
ক্যাম্পের বাসিন্দারা জানান, শুক্রবার ছুটির দিনে ক্যাম্পের অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল ইসমাইল। খেলা শেষে বন্ধুদের সঙ্গে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের গভীর পানিতে চলে যায় ইসমাইল। পরে আর পানির ওপরে উঠতে পারেনি।
শিশুটির মামা ইমাম শরিফ বলেন, পুকুরে গোসল করতে গিয়ে আমার ইসমাইল পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।



