রামগড়ের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

ছবি: আগামীর সময়
খাগড়াছড়ির রামগড় উপজেলার সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রামগড় প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ইউএনও দিলারা আকতার বলেন, রামগড়ের প্রাচীন ঐতিহ্য ও সম্ভাবনাকে সামনে রেখে উপজেলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ জন্য স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
নবাগত ইউএনওর আমন্ত্রণে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি শুভাশীষ দাস ও মো. বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো. মোশারফ হোসেন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন কিরণ এবং সদস্য এমদাদ খান, মো. মাসুদ রানা, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম ও তুহিন নিজাম প্রমুখ।



