রাঙামাটি বারের নেতৃত্বে অ্যাড. শাহআলম ও অ্যাড. শিশুমনি চাকমা

ছবি: আগামীর সময়
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মাকসুদা হক বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শুধু তিনটি পদের জন্য সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবছার আলী পেয়েছেন ৩০ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ৭৮ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন ২৮ ভোট।
এর আগে বাকি পদগুলোয় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভূঁইয়া, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বিবরণ চাকমা এবং আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা।
এ ছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রহমত উল্লাহ, হারুন অর রশীদ, আলাল উদ্দিন, বিউটি দত্ত, সাহেদা ইসলাম ও অ্যাডভোকেট দীপেন চাকমা।




