জলাবদ্ধতায় চার দিন বন্ধ টুঙ্গিপাড়ার মাদ্রাসা

ছবি: আগামীর সময়
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় চার দিন ধরে বন্ধ রয়েছে পাঠদান। মাঠ ও শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে ৩৬০ শিক্ষার্থীর পড়াশোনা ও খেলাধুলা। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকির মধ্যেও রয়েছে আবাসিক শিক্ষার্থীরা।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার একতলা ভবনে পড়াশোনা করে ৩৬০ শিক্ষার্থী। এর মধ্যে নূরানী বিভাগে রয়েছে ২০০ শিশু শিক্ষার্থী। এ ছাড়া দিনাজপুর, বরিশাল, বাগেরহাট, নোয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করছে আবাসিক হিসেবে।
প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই মাদ্রাসার মাঠ ও শ্রেণিকক্ষে পানি জমে যায়। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শ্রেণিকক্ষ, মাঠ ও আবাসিক অংশে পানি জমে থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
নূরানী বিভাগের শিক্ষক মুফতি সাইফুল বলেছেন, সামান্য বৃষ্টিতেই নূরানী বিভাগ সবার আগে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের বই-খাতা, বিছানাসহ প্রয়োজনীয় সামগ্রী ভিজে নষ্ট হয়। আর্থিক সংকটের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিবছরই বর্ষাকালে পাঠদান ব্যাহত হয়। তিনি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা ইসলাম বলেছে, গত বছরের মতো এবারও শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে ডুবে গেছে। তাই পড়াশোনা ও খেলাধুলা কোনোটিই করা যাচ্ছে না।
মাদ্রাসার সহকারী মোহতামিম মাওলানা ইমদাদুল হকের ভাষ্য, প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার মুখোমুখি হতে হয়। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষ ও মাঠ তলিয়ে যাওয়ায় আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখতে হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান তিনি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম আগামীর সময়কে বলেছেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যাতে মাদ্রাসার মাঠ ও শ্রেণিকক্ষে আর পানি না জমে, সে জন্য স্থায়ী সমাধানের উদ্যোগও নেওয়া হবে।





