কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট

ছবি: আগামীর সময়
খুলনার কয়রা উপজেলায় শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অভিযোগ উঠেছে। চলতি মাসে সরবরাহ করা বিস্কুটের কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল উল্লেখ থাকলেও ভেতরের অধিকাংশ প্যাকেটের মেয়াদ শেষ হয়েছে ২০২৬ সালের ২৫ এপ্রিল। তবে কিছু প্যাকেটের মেয়াদ এখনো রয়েছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, বিস্কুটের মেয়াদ শেষ হয়নি, প্যাকেটের গায়ে ভুল মেয়াদসংক্রান্ত সিল দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সহায়তার আওতায় শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এসব বিস্কুট বিতরণ করা হয়। কয়রা উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইবতেদায়ি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে।
১১ নভেম্বর দুপুরে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন গিয়ে বিস্কুটের কার্টন ও প্যাকেটের মেয়াদে অসংগতি দেখা যায়। মূল কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল উল্লেখ থাকলেও ভেতরের প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২৫ এপ্রিল ২০২৬। অর্থাৎ কার্টনের মেয়াদ দেখে বিস্কুট বিতরণ করা হলেও ভেতরের প্যাকেটের তথ্য অনুযায়ী সেগুলোর মেয়াদ শেষ হয়েছে। তবে কার্টনের ভেতরে থাকা সব প্যাকেটের মেয়াদোত্তীর্ণ নয়। বিস্কুটের মান নিয়েও নিম্নমানের হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ সয়া প্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলার অপারেশন কর্মকর্তা দিপু জানান, বিস্কুট মেয়াদোত্তীর্ণ নয়। তবে প্যাকেটের গায়ে ভুল সিল দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি কার্টন বিস্কুট তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে সরেজমিন দেখা গেছে, বিস্কুট ফেরত নেওয়ার দাবি করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুদ রয়েছে। উপজেলা শিক্ষা অফিস থেকে এ বিষয়ে কোনো লিখিত সতর্কতা বা নোটিস জারির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিস্কুট প্রত্যাহারের কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন বলেন, আমরা ৩ তারিখে বিস্কুট পেয়েছি। কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল মাস থাকায় তা দেখে বাচ্চাদের দিয়েছি। আমাদের এখানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট এখনো পাওয়া যায়নি। তবে এ প্রতিবেদকের উপস্থিতিতে একটি কার্টন খোলা হলে ভেতরের সব প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখা যায়। উপজেলা শিক্ষা অফিস থেকে বিস্কুটের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, আমরা কয়েক কার্টন এরই মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছি। পরে মেয়াদোত্তীর্ণ দেখে বাকি কার্টন রেখে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, বিস্কুটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে তিনি নিজেই একটি প্যাকেট খোলেন। বিস্কুটের রঙ পরিবর্তন দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় দু-তিনটি বিস্কুট খেয়ে দেখেন। এরপর টানা দু-তিন দিন ধরে ডায়রিয়া ও পেটের পীড়ায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার বলেন, কত প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে, তা তার জানা নেই। তবে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোয় বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর কোনো প্রতিষ্ঠান নিজ দায়িত্বে বিতরণ করলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে আন্ডারটেকিং নেওয়া হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শিশুদের অপুষ্টি দূর করার কথা থাকলেও দায়িত্বহীনতার কারণে আজ তাদের জীবন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। সুকৌশলে মেয়াদযুক্ত বিস্কুটের কার্টনের সঙ্গে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট সরবরাহ করা হচ্ছে। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নষ্ট হিসেবে দায় স্বীকার না করে সেই বিস্কুটের মেয়াদ রয়েছে দাবি করে শিশুদের খাওয়ানোর চেষ্টা করছেন। এ ছাড়া স্থানীয় প্রশাসন অবগত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি বিদ্যালয়গুলোয় বিস্কুট সরবরাহ করে। উপজেলার ৩২ হাজার ৯০ শিক্ষার্থীর জন্য প্রতি মাসে স্কুল দিবস হিসাব করে সাত লাখের বেশি প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। তবে চলতি মাসের বিতরণসংক্রান্ত প্রতিবেদন এখনো তার হাতে পৌঁছায়নি।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, মেয়াদোত্তীর্ণ হলে কোনো খাদ্যপণ্যের গুণগত মান বজায় থাকে না এবং তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে। বিশেষ করে ছোট শিশুদের এমন খাদ্য খাওয়ানো উচিত নয়। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, বিষয়টি জানার পর শিক্ষা কর্মকর্তাকে ঠিকাদারের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



