সাতক্ষীরা
তেলের দাবিতে পেট্রোল পাম্পে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতীকী ছবি
সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকার লস্কর পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পর পাম্পের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় ক্ষুব্ধ গ্রাহকরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গ্রাহকদের অভিযোগ, পাম্পে পর্যাপ্ত তেল মজুত থাকলেও সাধারণ গ্রাহকদের তা সরবরাহ করা হচ্ছে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তারা পাম্পের সামনে সড়কে বাঁশ ফেলে, টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে।
বিক্ষুব্ধদের দাবি, পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। তারা অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে পাম্প থেকে তেল না দিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রির পাঁয়তারা চলছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ পাম্প কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
এর আগে, জ্বালানি তেলের সংকটের জেরে বৃহস্পতিবার রাতেও জেলার কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে একই ধরনের অভিযোগে সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। জেলায় বারবার এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

